শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের কথা ছিল জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। এই প্রজেক্টটির জন্য তিনি কলকাতার একটি সিনেমার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন। তবে পরিচালক এবং নির্বাহী প্রযোজকের নানা গড়িমসিতে আটকে আছে ছবির শুটিং। সিনেমার বাকি মাত্র ৯ দিনের কাজ কবে শেষ হবে, তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে তানজিন তিশার ঢালিউড অভিষেকও।
২০২৫ সালের অক্টোবরে ‘সোলজার’ সিনেমার শুটিং কার্যক্রম শুরু হয়। সেই সময় আড়াই মিনিটের একটি ভিডিও প্রকাশ করে ওই বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তির সম্ভাব্য তারিখ জানানো হয়েছিল। তবে পরবর্তীতে সেই পরিকল্পনা থেকে সরে এসে মুক্তির সময় নির্ধারণ করা হয় ২০২৬ সালের ডিসেম্বর। কিন্তু বছর শেষ হতে আর মাত্র দুই মাস বাকি থাকলেও এখনো সিনেমাটির শুটিংয়ের কোনো খবর পাওয়া যাচ্ছে না। ‘সোলজার’ চলচ্চিত্র–সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, সিনেমাটির কাজ শেষ করতে এখনো ৯ দিনের শুটিং বাকি রয়েছে।
তানজিন তিশার চলচ্চিত্রে অভিষেক নিয়ে বেশ কয়েক বছর ধরেই আলোচনা চলছিল। মেহজাবীন, তাসনিয়া ফারিণ, সাবিলা নূরসহ তাঁর সমসাময়িক অনেক অভিনয়শিল্পী বড় পর্দায় কাজ শুরু করলেও তিশা নিজের প্রথম সিনেমার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক ও বুঝেশুনে সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন। এরই মধ্যে ‘ভালোবাসার মরশুম’ নামে কলকাতার একটি সিনেমায় অভিনয়ের জন্য তিনি চুক্তিবদ্ধ হন। কিন্তু কাছাকাছি সময়েই শাকিব খানের সঙ্গে ‘সোলজার’-এ কাজের সুযোগ আসায় দুটি ছবির শুটিংয়ের সময় সাংঘর্ষিক হয়ে পড়ে। শাকিব খানের সঙ্গে বড় পর্দায় অভিষেকের গুরুত্ব বিবেচনা করে কলকাতার সিনেমাটি ছেড়ে দেন তিশা।
এরপর ‘সোলজার’ ঘিরে শুরু হয় তাঁর চলচ্চিত্রে যাত্রার প্রস্তুতি। একটানা বেশ কয়েক দিন শুটিং করেন তিনি। তবে এরপরই ছবিটির শুটিং অনিয়মিত হয়ে পড়ে। কয়েক দফায় শুটিংয়ের পরিকল্পনা করা হলেও প্রযোজনা প্রতিষ্ঠান কাজটি শুরু করতে ব্যর্থ হয়। এই দীর্ঘ সময়ে শাকিব খান ব্যস্ত হয়ে পড়েন ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ে। ঈদুল আজহায় ‘রকস্টার’ মুক্তির পর ‘সোলজার’ ছবির বাকি অংশের কাজ করার কথা থাকলেও তা সম্পন্ন হয়নি। পরবর্তীতে ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। প্রায় দুই মাস সেখানে থাকার পর গত আগস্টে দেশে ফিরে সিনেমাটির শুটিং শেষ করার কথা থাকলেও পরিচালক ও নির্বাহী প্রযোজকের গড়িমসিতে শেষ পর্যন্ত তা শুরু করা সম্ভব হয়নি।
‘সোলজার’ ছবির শুটিং আটকে থাকার পেছনে শিল্পী ও কলাকুশলীদের সম্মানী বকেয়া থাকার বিষয়টি এখন আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, শাকিব খান ছাড়াও অধিকাংশ শিল্পী ও কলাকুশলীর পাওনা পরিশোধ না হওয়ায় অনেকে নতুন শিডিউল দিতে অনীহা প্রকাশ করছেন। তবে এই অভিযোগ অস্বীকার করে সিনেমার নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে মুক্তকণ্ঠকে বলেছিলেন, “সম্মানীর যে কথা উঠেছে, এটা তো ভুল। শিল্পী–কলাকুশলীদের সম্মানী তো ছবির শুটিং শেষ হওয়ার আগে পরিশোধের বিষয় নয়। এখনো তো সিনেমার শুটিংই শেষ হয়নি।”
অন্যদিকে, ‘সোলজার’-এর সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে মুক্তকণ্ঠকে বলেন, “বারবার মুক্তির তারিখ পরিবর্তন হলে সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ কমে যায়। ছবিটি কিন্তু ভালো হয়েছে এবং দর্শক পছন্দও করবে। তবে শিল্পী–কলাকুশলীদের পাওনা বকেয়া রাখা এবং বারবার শিডিউল নিয়েও শুটিং শুরু করতে না পারা ঠিক হচ্ছে না। আমার সঙ্গে বেশির ভাগ শিল্পী ও কলাকুলশীর কথা হয়েছে, কাজ শেষ করার ব্যাপারে সবাই আন্তরিক। কিন্তু শুধু শিল্পী ও কলাকুশলীদের আগ্রহ থাকলে হবে না, শেষ করার দায়িত্ব তো পরিচালক ও নির্বাহী প্রযোজকের।”
চলতি মাসের শুরুতে মৌমিতা হোসাইন জানিয়েছিলেন, খুব কিছুদিনের মধ্যেই ‘সোলজার’-এর টিজার প্রকাশ করা হবে এবং সেখানে মুক্তির তারিখও উল্লেখ থাকবে। কিন্তু দুই সপ্তাহ পার হতে চললেও টিজার প্রকাশ করা হয়নি। পাশাপাশি বাকি ৯ দিনের শুটিংয়ের জন্য প্রয়োজনীয় শিডিউলও নিশ্চিত করা যায়নি। শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং নভেম্বরের প্রথম সপ্তাহে তাঁর দেশে ফেরার কথা। এরপর আগামী বছরের ঈদুল ফিতরের সিনেমা ‘নিঃস্ব’-র শুটিং শুরু করবেন তিনি। পরবর্তীতে ঈদুল আজহার সিনেমা ‘মহব্বত’-এর কাজ শুরুর পরিকল্পনা রয়েছে তাঁর। এই দুই সিনেমার ব্যস্ততার মাঝে ‘সোলজার’-এর বাকি অংশের শুটিং শেষ করার মতো সময় তিনি পাবেন কি না, তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে।
ফলে চলতি বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তির কোনো সম্ভাবনা নেই বললেই চলে। সব মিলিয়ে যে সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পরিকল্পনা করেছিলেন তানজিন তিশা, সেটির ভবিষ্যৎ এখন পুরোপুরি অনিশ্চিত। বাকি ৯ দিনের কাজ কবে শুরু হবে, কবে শেষ হবে এবং কবে বড় পর্দায় দেখা যাবে তানজিন তিশাকে—সেই প্রশ্নের উত্তর আপাতত মিলছে না।