পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বিরুদ্ধে মানুষকে ক্রসফায়ারের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর মুগদ এলাকায় এক কর্মসূচির সময় হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপণ্যের আকাশচুম্বী দাম, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের প্রতিবাদে সেখানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। আগামী ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যেই এই কর্মসূচি পালন করা হয়েছে বলে জানা গেছে।

আইজিপির ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আইজিপি আলী হোসেন ফকির ডিবির হারুন ও বেনজীরের বংশধর, যার জন্য পুলিশ বাহিনীর সুনাম আবার ক্ষুণ্ণ হচ্ছে। এই আইজিপি মানুষকে ক্রসফায়ারের হুমকি দিচ্ছেন, তার বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। না হলে ধরে নেব আবারও ক্রসফায়ার, গুম ও খুনের দিকে হাঁটছে সরকার।’

দেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, খেটে খাওয়া সাধারণ মানুষের মধ্যে তীব্র উৎকণ্ঠা বিরাজ করছে। দেশে কর্মসংস্থানের অভাব এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের প্রক্রিয়া চলছে। বর্তমান বিএনপি সরকারের প্রতি চাকরিপ্রার্থী তরুণ প্রজন্মের আস্থা নষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি। যারা আস্থা রেখে ভোট দিয়েছিলেন, তারা এখন লাইভে এসে নিজের গালে নিজে জুতা পেটা করছেন বলে উল্লেখ করেন হাসনাত আবদুল্লাহ।

এনসিপি নেতা আরও দাবি করেন, বিএনপিকে ভোট দেওয়ার কারণে জনগণ অনুতপ্ত এবং আগামী সিটি করপোরেশন নির্বাচনে এই ভুলের সংশোধন করা প্রয়োজন। মোড়ে মোড়ে চাঁদাবাজির মাধ্যমে কৃত্রিম কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ করে তিনি আগামী নির্বাচনে এসব চাঁদাবাজের বিষদাঁত ভেঙে ফেলার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান।

ভোটের বিষয়ে জনগণকে আশ্বস্ত করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জনগণের কাছে গুন্ডা নিয়ে, হুন্ডা নিয়ে ভোট চাইতে আসব না, আপনারাও পয়সা নিয়ে ভোট দিয়েন না। বিনা পয়সায় ভোট দেবেন, বিনা পয়সায় সেবা পাবেন। সিটি করপোরেশনের ইলেকশনে আগের ভুল করবেন না।’

আইজিপির মন্তব্যের পরিপ্রেক্ষিতে পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘পুলিশের কাপড় জনগণের টাকায় কেনা। আপনারা বিএনপির পুলিশ না, সালাহউদ্দিনের পুলিশ না। তাই আগামী নির্বাচনে তাদের হয়ে কাজ করার দরকার নেই, জনগণের হয়ে কাজ করুন।’

সালাহউদ্দিনের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকারের নীলনকশার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না করে ২০০৭ সালের পরিস্থিতির পুনরাবৃত্তি করার চেষ্টা করছেন সালাহউদ্দিন। এছাড়া সিন্ডিকেটের কারণে গ্যাসের দাম কমছে না বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, আজ সোমবার দুপুরে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিকের’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, প্রয়োজনে সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে।

আইজিপি বলেন, ‘পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে। যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি এলাও করে, আমরা সেটাই করব।’ সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আইন ও সংবিধান অনুযায়ী চলার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও জানান, কোনো পুলিশ সদস্য অপরাধ করলে তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।