ময়মনসিংহের গফরগাঁওয়ে শ্যাম্পুর খালি বোতলে পানি মিশিয়ে তৈরি করা ফেনাযুক্ত পানি পান করে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছে আরও এক শিশু।
সোমবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম। এর আগে রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া শিশুরা হলো উপজেলার পাগলা থানাধীন পাইথল ইউনিয়নের গোলাবর গ্রামের রাহাত ব্যাপারীর ছেলে মাহমুদ হাসান সাজিত (৩) ও তার ভাই জনি ব্যাপারীর মেয়ে হুমায়রা (৬)। তারা আপন চাচাতো-জ্যাঠাতো ভাই-বোন। রাহাত ব্যাপারী ও জনি ব্যাপারী দুজনেই প্রবাসী।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, শ্যাম্পু শেষ হয়ে যাওয়ার পর একটি বড় বোতল ঘরের এক কোণে ফেলে রাখা হয়েছিল। রোববার সকাল ১০টার দিকে সাজিত, হুমায়রা ও অপর এক শিশু বোতলটি বের করে প্লাস্টিকের হাঁড়ি-পাতিল নিয়ে খেলছিল। এ সময় তারা বোতলে পানি ঢেলে ফেনা তৈরি করে। পরে ওই ফেনাযুক্ত পানি পান করলে বিকেলের দিকে তিন শিশুই অসুস্থ হয়ে পড়ে।
বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজিতকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর অসুস্থ হুমায়রা ও অপর শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় হুমায়রা মারা যায়।
ওসি আরও জানান, অপর শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।