চীনের কুনমিংয়ে বাংলাদেশি চক্ষুরোগীদের জন্য বিশেষায়িত সেবা নিশ্চিত করতে একটি ‘গ্রিন চ্যানেল’ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার কুনমিংয়ে অনুষ্ঠিত ‘হুয়াক্সিয়া অপথালমোলজি ইন্টারন্যাশনাল ফোরাম ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই উদ্যোগের সূচনা করেন কুনমিংয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল শাহনাজ রানু। অনুষ্ঠান শেষে তিনি ‘কুনমিং হুয়াক্সিয়া আই হসপিটাল’-এ বাংলাদেশি রোগীদের জন্য নির্দিষ্টভাবে স্থাপিত এই ‘গ্রিন চ্যানেল’-এর ফলক উন্মোচন করেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (বাণিজ্যিক) রিদওয়ানুর রহমান এবং হুয়াক্সিয়া চক্ষু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ঝাং ঝিইয়ং উপস্থিত ছিলেন।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাংলাদেশি রোগীদের জন্য এটিই প্রথম কোনো বিশেষায়িত চক্ষুসেবা ব্যবস্থা হিসেবে আত্মপ্রকাশ করল। এই ‘গ্রিন চ্যানেল’-এর বিশেষ সুবিধার ফলে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি চক্ষুরোগীরা চীনে ভ্রমণের আগেই প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ এবং তাদের চিকিৎসা-নথি পর্যালোচনা করার সুযোগ পাবেন। এর পাশাপাশি হাসপাতালে একটি পৃথক আন্তর্জাতিক ডেস্ক স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে অগ্রাধিকারভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট, দোভাষীর সহায়তা এবং দেশে ফেরার পর নিয়মিত ফলোআপ সেবা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে দেওয়া উদ্বোধনী বক্তব্যে কনসাল জেনারেল শাহনাজ রানু জনস্বাস্থ্য খাতে বাংলাদেশের সামগ্রিক অগ্রগতি এবং চক্ষুচিকিৎসায় দেশীয় প্রতিষ্ঠানগুলোর অর্জিত সাফল্যসমূহ তুলে ধরেন। তিনি বলেন, “সেবা নিশ্চিত করার ক্ষেত্রে চিকিৎসার মান, নিরাপত্তা, স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করাই কনস্যুলেট জেনারেলের প্রধান প্রত্যাশা।” একই সঙ্গে তিনি বাংলাদেশি চক্ষুচিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ, টেলি-কনসালটেশন এবং বাংলাদেশের বিভিন্ন চক্ষু প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানান।