সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে আওয়ামী লীগ যেভাবে ‘অবৈধ ক্ষমতা দখলদার’ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়েছিল, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষেত্রেও তেমন ঘটনা ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান সংসদের ‘একদলীয়’ সংবিধান সংশোধন কমিটি যদি সবচেয়ে ভালো সংশোধনীটিও আনে, তবে ভবিষ্যতে সেই সংশোধনী বাতিল করে বর্তমান সরকার ও অন্তর্বর্তী সরকারের সময়কালকে অবৈধ ঘোষণা করা হতে পারে।

আজ রোববার বিকেলে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় আয়োজিত এক প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

আইনশৃঙ্খলার চরম অবনতি, নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর শাহবাগে এক গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে সপ্তাহব্যাপী যে প্রচারপত্র বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে, আজ ছিল তার দ্বিতীয় দিন।

পুরোনো রাজনৈতিক ধারাবাহিকতা থেকে সরকারের বেরিয়ে আসার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘তারেক রহমানের ভালোর জন্যই আমরা বলছি, অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে পুরোনো সংসদ, পুরোনো অবৈধ সরকার এবং পুরোনো ফ্যাসিস্ট সাংবিধানিক কাঠামোর ধারাবাহিকতা থেকে বের হয়ে বাংলাদেশে নতুনভাবে গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করুন।’

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে নাহিদ ইসলাম মন্তব্য করেন যে, সমতল থেকে পাহাড়—দেশের সর্বত্রই আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘অশান্ত’। তিনি বলেন, ‘সরকার পাহাড়কে শান্ত ও স্থিতিশীল রাখতে ব্যর্থ হয়েছে। পাহাড় অশান্ত কেন, এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আমরা কোনো সুস্পষ্ট বক্তব্য পাচ্ছি না। পাহাড়ে কারা অস্থিতিশীলতা করছে, বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কীভাবে তৎপরতা ও ষড়যন্ত্র করার চেষ্টা করছে, এটা জনগণের সামনে সুস্পষ্টভাবে বলতে হবে। কারণ, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন।’

পাশাপাশি সরকার ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে বলে অভিযোগ তোলেন এনসিপির আহ্বায়ক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই গোপন আঁতাতের ফলেই পাহাড়কে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে নানাভাবে। আমরা জানি, পাহাড়ে কারা অস্ত্র দেয়, পাহাড়ে কারা অশান্তি তৈরি করে। আমাদের পার্শ্ববর্তী দেশ কথিত বন্ধুরাষ্ট্রের যখন বাংলাদেশকে চাপ দেওয়ার প্রয়োজন হয়, তখনই তারা পাহাড়ে অশান্তি তৈরি করে।’

আওয়ামী লীগ শাসনামলের তিনটি সংসদকে (২০১৪, ২০১৮ ও ২০২৪) অবৈধ ঘোষণার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি শেখ হাসিনার তিনটি সংসদকে অবৈধ বলে। আমরাও মনে করি এগুলো অবৈধ। কিন্তু আইনগতভাবে এটা বলার সুযোগ নেই। কারণ, বিএনপি সরকার ওই তিনটি সংসদকে অবৈধ বলে ঘোষণা করেনি।’

উক্ত কর্মসূচিতে আরও বক্তব্য প্রদান করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, মনিরা শারমিন, সালেহউদ্দিন সিফাত ও নুসরাত তাবাসসুম প্রমুখ।