চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আগত এক যাত্রীর কাছ থেকে আনুমানিক দেড় কেজি ওজনের স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়েছে। এই চোরাচালান ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শরীফ নামের এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস এবং যৌথ গোয়েন্দা সংস্থা।

গত রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টা ৫০ মিনিটে শরীফের বহনকারী ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে। বিমানবন্দরে পৌঁছানোর পর তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয়। জানা গেছে, আটককৃত মো. শরীফ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা। তিনি ‘মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলার একজন সদস্য হিসেবে সৌদি আরবের জেদ্দা থেকে ভ্রমণ করে দেশে ফিরে আসছিলেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল মুক্তকণ্ঠকে জানান, “আজ সকাল ১১টা ৫০ মিনিটে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন মো. শরীফ। অ্যারাইভাল হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় তার সন্দেহজনক গতিবিধি দেখে যৌথ তল্লাশি চালান বিমানবন্দর কাস্টমস এবং ডিজিএফআই ও এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা।”

তিনি আরও বিস্তারিত জানান, “পরে ওই যাত্রীর হ্যান্ড ব্যাগেজ ও পোশাক থেকে চুড়ি আকৃতির ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ও রাজস্ব ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা।”

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত স্বর্ণের সঠিক ওজন নির্ধারণের পর তা বিমানবন্দর কাস্টমসের নিকট হস্তান্তর করা হয়েছে। স্বর্ণ চোরাচালানের এই অপরাধে অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা শাখা বাদী হয়ে চোরাচালান আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। একইসঙ্গে বৈদেশিক মুদ্রা পাচার এবং স্বর্ণ চোরাচালান রোধে বিমানবন্দরের সকল নিরাপত্তা সংস্থার সর্বোচ্চ নজরদারি অব্যাহত রাখা হবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।