চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানকারী এক যাত্রীকে আটক করেছে কর্তৃপক্ষ। শুক্রবার সকালে মাসকাট থেকে আগত সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটে করে আসা রাউজানের বাসিন্দা মোহাম্মদ হাসান মুরাদের ব্যাগে ৪৫ ভরি ১২ আনা (৫৩৪ গ্রাম) স্বর্ণালংকার পাওয়া যায়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আজ সকাল ৮টা ৪৫ মিনিটে মাসকাট থেকে সালাম এয়ারের ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা কাস্টমস স্ক্যানিং শেষ করে বের হচ্ছিলেন। এই সময় রাউজান উপজেলার নাসিরনগর এলাকার বাসিন্দা হাসান মুরাদের গতিবিধি গোয়েন্দাদের সন্দেহ জাগায়। পরে তল্লাশি চালিয়ে তাঁর ব্যাগ থেকে স্বর্ণ উদ্ধার করা হয়।
আটককৃত স্বর্ণের মধ্যে রয়েছে ১০৬ গ্রাম অলংকার, ৪২৫ গ্রাম স্বর্ণের পিণ্ড এবং ৩ গ্রাম স্বর্ণের পেস্ট। ব্যাগেজে স্বর্ণগুলো এমনভাবে লুকানো ছিল যে কাস্টমসের স্ক্যানারে বিভ্রান্তি তৈরি হয়। উদ্ধার করা স্বর্ণের রাজস্ব মূল্য ধরা হয়েছে ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের কাছে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। স্বর্ণ চোরাচালান ও বৈদেশিক মুদ্রা পাচার ঠেকাতে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা, কাস্টমস গোয়েন্দা ও বিমানবন্দর কাস্টমসের নজরদারি অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।