চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হাজেরা বেগম (৫৫) নামে এক স্কুলশিক্ষিকা প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় তার ভাই ও মোটরসাইকেলচালক মো. শাহজাহান আলী গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে। শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী পাকা সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত হাজেরা বেগম শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর বাজার গ্রামের মৃত সনু মিয়ার স্ত্রী। তিনি স্থানীয় ফ্রিডম স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, রোববার সকালে ভাই শাহজাহান আলীর মোটরসাইকেলে করে চিকিৎসার উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন হাজেরা বেগম। তারা যখন মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড় এলাকায় পৌঁছান, তখন বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রলি তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতেই মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই তার ভাই ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।"