গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের চাপায় অটোভ্যানের যাত্রী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আজ রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে মুকসুদপুরের গ্যাড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামের সাইফুল ইসলাম (৪৫) ও তাঁর মেয়ে সামিরা আক্তার (৬)। তাঁরা মুকসুদপুরে আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

মুকসুদপুর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে আটটার দিকে খুলনা থেকে মুকসুদপুরগামী মাছবাহী পিকআপ ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোভ্যানকে চাপা দেয়। পিকআপটি মহাসড়কের পাশে উল্টে যায়। অটোভ্যানটি ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে মুকসুদপুরের দিকে যাচ্ছিল। এ ঘটনায় ভ্যানচালক সামান্য আঘাত পেলেও বাবা ও মেয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মুক্তকণ্ঠকে বলেন, পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।