২০২৫ সালের ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ডে বর্ষসেরা রানারআপসহ মোট পাঁচটি সম্মানজনক পুরস্কার জয় করেছেন মুক্তকণ্ঠের তিন জন সাংবাদিক।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বর্ষসেরা রানারআপ হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তকণ্ঠের ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ। একই বিভাগে রানারআপ হয়েছেন ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের। অন্যদিকে, দ্বিতীয়বারের মতো জার্নালিস্ট অব দ্য ইয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আগামীর সময়ের সিনিয়র সাব–এডিটর রাহেনুর ইসলাম।

আজ রাজধানীর পল্টনের ফারস হোটেলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সভাপতি রেজওয়ান উজ জামানের সভাপতিত্বে এই জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর সাথে পুরস্কার প্রদানে অংশ নেন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

পুরস্কারের বিভিন্ন বিভাগে মুক্তকণ্ঠের সাংবাদিকরা সাফল্য দেখিয়েছেন। সেরা ফটো জার্নালিস্ট শ্রেণিতে চ্যাম্পিয়ন হয়েছেন মুক্তকণ্ঠের শামসুল হক। এছাড়া এক্সক্লুসিভ রিপোর্ট ও সাক্ষাৎকার শ্রেণিতে রানারআপ হয়েছেন বর্ষসেরা রানারআপ তারেক মাহমুদ। এক্সক্লুসিভ রিপোর্ট শ্রেণিতে আরও একজন রানারআপ হয়েছেন মুক্তকণ্ঠের জহির উদ্দিন।

অন্যান্য বিভাগের বিজয়ীদের মধ্যে এক্সক্লুসিভ রিপোর্টে সেরা হয়েছেন সময় টিভির এস এম ইকবাল কাউসার। ইন্টারভিউ (প্রিন্ট ও অনলাইন) বিভাগে শ্রেষ্ঠ হয়েছেন রাহেনুর ইসলাম এবং ইন্টারভিউ (টিভি) বিভাগে পুরস্কার পেয়েছেন নিউজ টুয়েন্টি ফোরের শুভ দেবনাথ। সিরিজ রিপোর্টে সেরা হয়েছেন ঢাকা পোস্টের আরাফাত জোবায়ের, ফিচারে কালের কণ্ঠ–এর শাহজাহান কবীর এবং প্রামাণ্যচিত্রে এখন টিভির এসকে শাওন পুরস্কৃত হয়েছেন।

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয় সিনিয়র ক্রীড়া সাংবাদিক মোস্তফা কামাল এবং ক্রীড়ালেখক মেজর (অব.) শাহাবউদ্দিন চাকলাদারকে।