নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) তৃতীয় আসরে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আন্তর্জাতিক প্যানেলে অন্তর্ভুক্ত এই দুই আম্পায়ার নেপালের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচগুলো পরিচালনা করবেন।

আগামী সোমবার (২৬ অক্টোবর) কাঠমান্ডুর অদূরে কীর্তিপুরে এই টুর্নামেন্টের শুভ সূচনা হতে যাচ্ছে। টুর্নামেন্টের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানকার ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে। আগামী ২১ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।

বাংলাদেশের এই দুই অভিজ্ঞ আম্পায়ার মুকুল ও সোহেল এর আগেও আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় দায়িত্ব পালন করে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন। গত বছর অনুষ্ঠিত এশিয়া কাপেও আম্পায়ারিং করেছেন তারা দুজন। বিশেষ করে ওই আসরে ভারত ও পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ গ্রুপ পর্বের ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মুকুল।

এবারের নেপাল প্রিমিয়ার লিগে মোট আটটি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন লুম্বিনি লায়ন্স এবং সুদূরপশ্চিম রয়্যালস।

উল্লেখ্য যে, এবার প্রথমবারের মতো নেপাল প্রিমিয়ার লিগে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহার করা হবে। এর ফলে মাঠের আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তে ভিন্নমত থাকলে তা চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন ক্রিকেটাররা। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) নিশ্চিত করেছে যে, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।

এবারের ডিআরএস প্রযুক্তিতে এলবিডব্লিউ সিদ্ধান্তগুলো যাচাই করার জন্য থ্রিডি বল ট্র্যাকিং এবং ব্যাটে বলের স্পর্শ শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা হবে। নিয়ম অনুযায়ী, প্রতিটি দল প্রতি ইনিংসে দুটি অসফল রিভিউয়ের সুযোগ পাবে।