ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উদ্যাপন উপলক্ষে বগুড়া জেলায় প্রায় দুই হাজার অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) জেলার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী এই বিশেষ কর্মসূচিটি পরিচালিত হয়।
মীর শাহে আলম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দিনেই প্রায় দুই হাজার মানুষ চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। এর মধ্যে যাদের চোখের সমস্যা গুরুতর, তাদের প্রায় ৬০০ জনের ছানি অপারেশনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সেবা নিতে আসা বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের লাভলী বেওয়া তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘তারেক বাবার বেটি জাইমাক যেন আল্লাহ বহুদিন বাঁচে রাখে বাবা। হামরা গরিব মানুষ, ট্যাকার অভাবে চোখ কাটতে পাচ্চিনে। জাইমার অছিলায় আল্লাহ হামার চোখটা ভালো করে দিচ্ছে। আল্লাহ জাইমাক, তারেক বাবাক আর মীর শাহে আলমক ভালো রাখুক।’
উল্লেখ্য যে, এই কর্মসূচির দ্বিতীয় ধাপ হিসেবে রোববার শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে একটি বিশেষ আয়োজন রয়েছে। সেখানে মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার ছয় শতাধিক মেধাবী ও প্রতিভাবান ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল উপহার দেওয়ার কথা রয়েছে।