দেশের বিনোদন জগতের এক পরিচিত মুখ মডেল, অভিনেত্রী এবং টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ক্যানসারে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর। তুলনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আমেনা বেগম।
আজ শনিবার দুপুরে আমেনা বেগম জানান, দুপুর ১২টার দিকে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তুলনাকে দাফন করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে তুলনার স্তনে টিউমার ধরা পড়েছিল।
এরপর বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার পর ঢাকার আহ্ছানিয়া মিশন হাসপাতালে তাঁর চিকিৎসা কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয় এবং পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। ২০ অক্টোবর তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। তবে অস্ত্রোপচারের পর বায়োপসি পরীক্ষায় ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসকেরা জানতে পারেন, ততদিনে তাঁর শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে।
তুলনার শারীরিক অবস্থার অবনতির বর্ণনা দিয়ে তাঁর মা আমেনা বেগম বলেন, ‘অপারেশনের পরের দুদিন শারীরিকভাবে বেশ ভালো ছিল। আমাদের সঙ্গে কথা বলেছে। হাসিখুশি ছিল আমার মেয়েটা। গতকাল সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। খুব দ্রুত অবস্থা খারাপ হতে থাকে। চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর হার্ট অ্যাটাক হয়। এরপর রাত ১১টায় তুলনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।’
মডেলিং, অভিনয় ও টেলিভিশন উপস্থাপনার মাধ্যমে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়েছিলেন তুলনা আল হারুন। পাশাপাশি ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও কাজ করেছেন তিনি। দীর্ঘ কর্মজীবনে দেশের বিনোদন ও ফ্যাশন অঙ্গনের নানা আয়োজনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এই শিল্পী। ব্যক্তিগত জীবনের নানা চড়াই–উতরাইয়ের মাঝেও সামাজিক যোগাযোগমাধ্যমে তুলনার উপস্থিতি ছিল অত্যন্ত প্রাণবন্ত। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, ফ্যাশন কোরিওগ্রাফার, ডিজাইনার এবং ভক্তদের অনেকেই গভীর শোক প্রকাশ করছেন।
উল্লেখ্য, তুলনা আল হারুন দেশের প্রখ্যাত নাট্যকার ও নাট্যনির্দেশক আবদুল্লাহ আল মামুনের ভাই আবদুল্লাহ আল হারুনের মেয়ে। তাঁর বাবা আবদুল্লাহ আল হারুন বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন। তুলনারা দুই ভাই ও দুই বোন।