চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লগি ও বইঠা হাতে নিয়ে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এই মিছিলের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আজ শনিবার ভোর ছয়টার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের চুনতি বাজার এলাকায় এই মিছিলটি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি ব্যানার হাতে নিয়ে মিছিল করছেন। মিছিলে অংশগ্রহণকারী বেশ কয়েকজন ব্যক্তির হাতে রঙিন লগি ও বইঠা দেখা গেছে। মিছিলটি এক পর্যায়ে বাজার এলাকায় এসে থামে এবং সেখানে একজনকে বক্তব্য দিতে দেখা যায়।
ঘটনাটি সম্পর্কে জানতে চাওয়া হলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক মিছিলের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আশপাশে থাকা পুলিশ সদস্যরা মিছিলের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান। এরপর মিছিলে আসা লোকজনকে ধাওয়া দেওয়া হয়। মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্ত করে তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”