বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক মন্তব্য করেছেন যে, বর্তমানে ইসলামপন্থিদের মাঝে কলহ, দ্বন্দ্ব, বিবাদ এবং এক ধরনের আত্মঘাতী প্রবণতা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে (আইআইইউএম) এক বিশেষ মিটআপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
উপস্থিত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মামুনুল হক বলেন, “ইসলামপন্থিদের মধ্যে যে সংকট রয়েছে, এর সমাধান শুধু সহজ কিছু কথা বলা, তাৎক্ষণিক জবাব দেওয়া কিংবা কারও ওপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে সম্ভব নয়। এ জন্য সংকটের গভীরে প্রবেশ করে এর কারণগুলো উপলব্ধি করা এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।”
তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের ইসলামপন্থি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ও বিরোধ বিদ্যমান। এই পরিস্থিতি মোকাবিলায় তিনি বলেন, “মতভিন্নতার সঙ্গে ঐক্য”- এই বহুল প্রচলিত নীতির চর্চার পাশাপাশি গুরুতর বিরোধের জায়গাগুলো চিহ্নিত করে সেগুলো নিরসনের উদ্যোগ নেওয়া জরুরি। ইসলামপন্থিদের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে হলে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মামুনুল হকের মতে, বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ইসলামের প্রতি যে গভীর ভালোবাসা এবং ইসলামি চেতনার জাগরণ দেখা গেছে, তার পেছনে রয়েছে দীর্ঘ প্রায় অর্ধশতাব্দীর নিরলস প্রচেষ্টা। এই সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে হলে ইসলামপন্থিদের পারস্পরিক বিরোধ ও বিভেদ নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে এবং একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টার পথ তৈরি করতে হবে বলে তিনি মনে করেন।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সংসদ সদস্য মাওলানা মোহাম্মদুল্লাহ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।