সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় কঠোর বিধিনিষেধ আরোপ করায় বাংলাদেশ থেকে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী মোট ১৪১টি ফ্লাইট বিঘ্নিত হয়েছে। এই পরিস্থিতির ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন ২১ হাজার ৯৩৩ জন যাত্রী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিঘ্নিত হওয়া এই ফ্লাইটের মধ্যে কিছু বাতিল করা হয়েছে এবং কিছু স্থগিত রাখা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) শুক্রবার রাত ১১টার পর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে। বেবিচকের দেওয়া তথ্যানুসারে, মোট ১৪১টি ফ্লাইটের মধ্যে ৬৬টি ছিল সরাসরি ফ্লাইট এবং ৭৫টি ছিল ট্রানজিট ফ্লাইট।
সরাসরি ফ্লাইটের বিস্তারিত তথ্যে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে।
অন্যদিকে, ট্রানজিট রুটে চলাচলের ক্ষেত্রে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট প্রভাবিত হয়েছে।
জানা গেছে, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিশেষ বিধিনিষেধ জারি করা হয়েছে। এর ফলে গত ১১ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। এই সংকটের মুখে বিমান বাংলাদেশ এয়ারলাইনস তিন দফায় তাদের ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে বিমানের দাম্মামগামী ফ্লাইট ২৫ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদের ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে।