রোহিঙ্গাদের দীর্ঘদিনের নিপীড়ন এবং তাদের নাগরিক অধিকার হরণের অবসান ঘটিয়ে পূর্ণ নাগরিক মর্যাদায় নিরাপদ, সম্মানজনক ও টেকসইভাবে স্বদেশে প্রত্যাবর্তনের আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই দাবি জানান। ‘উদ্বাস্তু রোহিঙ্গাদের পূর্ণ-নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে হেফাজতে ইসলাম কক্সবাজার জেলা শাখা।
বৈঠকে প্রধান আলোচক হিসেবে তাঁর বক্তব্যে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী উল্লেখ করেন যে, বাংলাদেশের সাধারণ মানুষ মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও এই দীর্ঘমেয়াদী সংকট কক্সবাজারসহ পুরো দেশের ওপর বহুমুখী চাপ সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান প্রয়োজন এবং ভবিষ্যতে যেন তারা পুনরায় বাস্তুচ্যুতির ঝুঁকিতে না পড়ে, সেজন্য মিয়ানমারে তাদের নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না আসায় বাংলাদেশ, বিশেষ করে কক্সবাজার জেলা সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত এবং নিরাপত্তাজনিত নানা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এই সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা এবং সমন্বিত কূটনৈতিক উদ্যোগের প্রয়োজনীয়তা তিনি তুলে ধরেন।
হেফাজতে ইসলাম কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক মাওলানা মুহাম্মদ মুসলিমের সভাপতিত্বে এবং জেলা সদস্য হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের ব্যবস্থাপনায় এই গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের জেলা সদস্যসচিব মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব।
এছাড়া বৈঠকে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও জামিয়া আজিজুল উলুম বাবুনগরের মুহাদ্দিস মাওলানা ড. হারুন আজিজী নদভী, জেলা হেফাজতে ইসলামের যুগ্ম আহ্বায়ক মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল হক, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রাহমত সালাম, বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আফসার উদ্দিন চৌধুরী, হাশেমিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা এনামুল হক, বিশিষ্ট প্রাবন্ধিক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আখতারুল আলম, জেলা নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নিজামুল হক, কক্সবাজার জেলা প্রেসক্লাব সভাপতি বেলাল তৌহিদ এবং ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ আরজু প্রমুখ।