মিয়ানমারের গৃহবন্দী সাবেক নেত্রী অং সান সু চি দীর্ঘ পাঁচ বছর পর তাঁর ছেলের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার সু চির ছেলে কিম অ্যারিস নিশ্চিত করেছেন যে, এদিন তিনি তাঁর মায়ের সঙ্গে কথা বলেছেন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির শাসনক্ষমতা দখল করে সামরিক জান্তা। সেই সময় থেকে শান্তিতে নোবেলজয়ী এই নেত্রীকে বন্দী করে রাখা হয়েছে। দীর্ঘ এই সময়ে ৮১ বছর বয়সী সু চির শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে তৃতীয় পক্ষের মাধ্যমে খবর পেতেন ছেলে অ্যারিস।
দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের সঙ্গে কথা বলার পর এক বিবৃতিতে কিম অ্যারিস বলেন, ‘আবার মায়ের কণ্ঠ শুনতে পারার অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়।’
মিয়ানমারের সামরিক বাহিনী-সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের একজন মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, লন্ডনে অবস্থিত মিয়ানমারের দূতাবাসের মাধ্যমে টেলিফোনে সু চির সঙ্গে কথা বলেছেন অ্যারিস। এই কথোপকথনের পাশাপাশি মা ও ছেলের আলাদা দুটি ছবিও প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য যে, মিয়ানমারে উসকানি, দুর্নীতি, নির্বাচনে জালিয়াতি এবং রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনসহ বিভিন্ন গুরুতর অভিযোগে সু চির ১৮ বছরের সাজা দেওয়া হয়েছে এবং তিনি তা ভোগ করছেন। তবে এসব অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে এসেছেন। রয়টার্স, ব্যাংকক