কুমিল্লার লালমাই এলাকায় বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ আসিফ নামের এক যুবককে আটক করেছে স্পেশাল র‍্যাব ব্যাটেলিয়ন (এসআরবি)।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বেলঘর ইউনিয়নের ইছাপুর গ্রামে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসআরবি সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেশীয় অস্ত্র তৈরি এবং তা বিক্রির বিজ্ঞাপন ছড়িয়ে পড়ার পর বিষয়টি তাদের নজরে আসে। এরপর তারা বিস্তারিত যাচাই-বাছাই শুরু করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে আবু মোহাম্মদ তৌকিরি নেওয়াজ আসিফের বাড়িতে অভিযান চালায় এসআরবি। ওই অভিযানে দেশীয় অস্ত্র এবং পাইপগান তৈরির জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১৬টি ছোট-বড় রামদা, চাকু ও চাপাতি, দুটি এয়ারগান, এক বাক্স কার্তুজ, একটি ড্রিল মেশিন, একটি কাটার মেশিন এবং একটি সামুরাই।

এসআরবি ১১ সিপিসি ২ কোম্পানির কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দেশীয় অস্ত্র প্রদর্শন করতেন আসিফ। বিষয়টি আমাদের নজরে আসার পর গোয়েন্দা তৎপরতার মাধ্যমে খোঁজখবর নিয়ে আজ সন্ধ্যায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্রসহ আসিফ নামের ওই যুবককে আটক করা হয়।”