রাজশাহীতে বিএনপি নেতা মাহাবুর রশিদ রেন্টুর মুক্তির আকুতি জানাতে তার দুই মেয়ে যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, সেই আবেগঘন মুহূর্তটি নজর কেড়েছে সবার। এই ঘটনার পর কারাবন্দি নেতার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসককে বিশেষ নির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশনার বাস্তবায়ন হিসেবে পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেছে রাসিক প্রশাসন।
গত বুধবার (২১ অক্টোবর) নগর ভবনে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন মাহাবুর রশিদ রেন্টুর স্ত্রী সৈয়দা দিলরুবা আফরোজ এবং তাদের দুই কন্যা জারিন তাসনিম রাহি ও সাদিয়া তাহমিন মাহি। এই সাক্ষাতের সময় প্রশাসক মাহফুজুর রহমান রিটন তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। শুধু আর্থিক সাহায্যই নয়, কারাবন্দি নেতার আইনি লড়াইয়ে সার্বিক সহযোগিতার বিষয়েও তিনি দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন।
বিষয়টি নিয়ে মাহফুজুর রহমান রিটন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে কারাবন্দি বিএনপি নেতার পরিবারের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী আমি পরিবারটির পাশে দাঁড়িয়েছি। পরিবারের একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। কারাগারে ওই নেতার আইনগত সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং আইনি বিষয়ে সার্বিক সহযোগিতা করা হবে।”
অন্যদিকে, বাবার মুক্তির আকুতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা জারিন তাসনিম রাহি জানান, প্রধানমন্ত্রী তাকে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে দেখা করতে বলেছেন এবং সহযোগিতার দায়িত্ব দিয়েছেন। জারিন আরও বলেন, “রাসিক প্রশাসক আমার বাবার মুক্তি না হওয়া পর্যন্তকারাগারে যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন।”
তিনি আরও উল্লেখ করেন যে, প্রশাসক ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন এবং তাদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।