বিগত সরকারের তুলনায় বর্তমান সরকার দুর্গাপূজার জন্য বরাদ্দকৃত অনুদানের পরিমাণ বৃদ্ধি করেছে বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী। পরিদর্শন শেষে সেখানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, “এ বছর মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পূজার জন্য বেশি অনুদান পাওয়া গেছে। বিএনপি সরকার সব সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল এবং থাকবে।”
সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কথা বলে তিনি আরও বলেন, “আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সম্মিলিতভাবে কাজ করেছি। আপনারা বিষয়গুলো হৃদয় দিয়ে বিবেচনা করার চেষ্টা করবেন। কোনো সরকার আপনাদের জন্য কাজ করে যাচ্ছে, তা মনে রাখতে হবে।”
গত ৫ আগস্ট পরবর্তী দেশের পরিস্থিতি এবং সেই সময়ে বিএনপির ভূমিকা উল্লেখ করে মন্ত্রী বলেন, “আপনারা দেখেছেন, আমাদের দলের প্রত্যেক নেতাকর্মী আপনাদের পাশে ছিলেন। তখন আপনাদের ছায়ার মতো আগলে রাখা হয়েছিল। বিপদে-আপদে যারা আপনাদের পাশে ছিল, তাদের মনে রাখতে হবে।”
সনাতন ধর্মাবলম্বীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে আফরোজা খানম রিতা বলেন, “জাতীয় নির্বাচনে আপনারা বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। বিএনপি সরকার সব সময় আপনাদের পাশে থাকবে।”
পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, প্রতিটি এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সৎ, যোগ্য এবং দলের প্রতি নিবেদিতপ্রাণ ব্যক্তিকে প্রার্থী হিসেবে বেছে নিতে হবে। কোনো সুবিধাভোগী বা দুর্নীতিবাজ ব্যক্তির প্রলোভনে না পড়ে নিজস্ব বিচার-বুদ্ধি প্রয়োগ করে উপযুক্ত প্রার্থী নির্বাচনের আহ্বান জানান তিনি।
ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আপনাদের বিরাট ভূমিকা রয়েছে। এমন একজনকে বেছে নেবেন, যিনি আপনাদের সুখ-দুঃখ ভাগ করে নিতে পারবেন এবং আপনাদের প্রাপ্য বুঝিয়ে দেবেন।”
ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করে খাদ্যমন্ত্রী বলেন, “আমরা কোনো বিভাজন চাই না। দেশের মাটি রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানিকগঞ্জ ধর্ম-বর্ণের ঊর্ধ্বে। আগে যেমন আপনাদের পাশে ছিলাম, এখনো আছি। আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। আমরা একা ভালো থাকতে চাই না, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই।”
এ সময় অনুষ্ঠানে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।