সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ শিকারের অভিযোগে পৃথক পৃথক অভিযানে ১২ জন জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। এই অভিযানের অংশ হিসেবে ২৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং তিনটি নৌকা নিলামে বিক্রি করা হয়েছে।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

পুরো অভিযানটি তদারকি করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. মো. আশিকুজ্জামান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রায়হানুল ইসলাম। অভিযানে মূলত সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. মো. আশিকুজ্জামান বলেন, “বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের সঙ্গে জড়িত ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।”

জেলা প্রশাসন সূত্রে আরও জানানো হয়েছে যে, মা ইলিশের প্রজনন সুরক্ষা নিশ্চিত করা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং সামগ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।