নীলফামারী সদর উপজেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের গাঠাংটারী এলাকায় রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ এবং স্থানীয়দের প্রাথমিক ধারণা, মঙ্গলবার রাতে কোনো একটি ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঠিক কীভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে তারা দ্রুত পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পাওয়ার পরপরই সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ বছর।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রফিক ইসলাম বলেন, “মরদেহ দেখে তাকে চেনা যাচ্ছে না। আশপাশের এলাকার কেউ হলে আমরা চিনতে পারতাম।”

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী মুক্তকণ্ঠকে বলেন, “নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।”