লটারির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে পদায়নপ্রাপ্ত ২০২৫ ব্যাচের সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকেরা পারস্পরিক সম্মতির ভিত্তিতে বদলির সুযোগ চালুর দাবি জানিয়েছেন। যাতায়াতের চরম দুর্ভোগ, বাসস্থানের অভাব, পারিবারিক দায়বদ্ধতা এবং ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত এই ব্যবস্থা কার্যকর করার আহ্বান জানিয়েছেন তাঁরা। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁদের এই দাবি জানানো হয়।

উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, লটারির মাধ্যমে পদায়নের ফলে অনেক শিক্ষক তাঁদের নিজ বাড়ি থেকে অত্যন্ত দূরবর্তী এবং দুর্গম এলাকায় কর্মস্থল পেয়েছেন। এর ফলে তাঁদের দৈনন্দিন যাতায়াত, থাকার জায়গা নিশ্চিত করা এবং পারিবারিক দায়িত্ব পালনে নানা ধরনের জটিলতা ও সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে চরাঞ্চল ও হাওরাঞ্চলের মতো দুর্গম এলাকায় যাতায়াতব্যবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় শিক্ষকদের ভোগান্তি আরও বহুগুণ বেড়ে গেছে।

এই প্রতিকূল পরিস্থিতির কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষক পারস্পরিক সম্মতির ভিত্তিতে একে অপরের কর্মস্থলে যেতে আগ্রহী, তাঁদের জন্য দ্রুত পারস্পরিক বদলির সুযোগ চালু করা এখন সময়ের দাবি।

পাশাপাশি, প্রেস বিজ্ঞপ্তিতে নারী শিক্ষকদের বাস্তব সমস্যাগুলো বিশেষভাবে বিবেচনার অনুরোধ জানানো হয়েছে। তাঁদের পারিবারিক দায়িত্ব, নিরাপত্তা ঝুঁকি, যাতায়াতের অসুবিধা এবং সামাজিক বাস্তবতার কথা মাথায় রেখে পারস্পরিক বদলির আবেদনে বিশেষ অগ্রাধিকার প্রদান অথবা এই প্রক্রিয়াটিকে আরও সহজ করার দাবি জানানো হয়।

শিক্ষকদের আশা, লটারিতে পদায়নপ্রাপ্তদের জন্য যদি একটি স্বচ্ছ, সহজ এবং দ্রুত পারস্পরিক বদলির ব্যবস্থা চালু করা হয়, তবে অনেক অনাকাঙ্ক্ষিত ভোগান্তি লাঘব হবে।

বিজ্ঞপ্তির শেষ অংশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে যেন শিক্ষকদের বাস্তব সমস্যা এবং পারস্পরিক সম্মতির বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত পারস্পরিক বদলির সুযোগ চালু করা হয়।