নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একটি বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ১৪ জন। এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের পরিচয় এবং বরগুনা থেকে আসা যাত্রীদের মধ্যে কেউ হতাহত হয়েছেন কি না, তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আরপি নাইস পরিবহনের ওই বাসটি সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে বরগুনা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। বাস কাউন্টারের হিসাব অনুযায়ী, বরগুনা থেকে মোট ১০ জন যাত্রী ওই বাসে উঠেছিলেন। তাদের মধ্যে অধিকাংশেরই গন্তব্য ছিল ফরিদপুর ও ভাঙ্গা। এছাড়া মাগুরা, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের যাত্রীও ওই বাসে ছিলেন। পাশাপাশি রাজশাহীগামী একজন যাত্রীও বরগুনা থেকে যাত্রা করেছিলেন বলে জানা গেছে।
আরপি নাইস পরিবহনের বরগুনা কাউন্টার ইনচার্জ সুব্রত জানান, “সোমবার বিকেল ৪টার দিকে বাসটি বরগুনা থেকে ১০ জন যাত্রী নিয়ে ছেড়ে যায়।” তবে দুর্ঘটনার পর বরগুনা থেকে যাওয়া যাত্রীদের বর্তমান অবস্থা বা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তিনি বলেন, “দুর্ঘটনায় বরগুনা থেকে যাওয়া কোনো যাত্রী হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।”