মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রধান আন্তর্জাতিক উপস্থাপক হিসেবে দীর্ঘ ক্যারিয়ারের পর প্রতিষ্ঠানটি ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রখ্যাত সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুর। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে জানান যে, আগামী জুন মাসে তিনি সিএনএন থেকে বিদায় নিচ্ছেন।
নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে ৬৮ বছর বয়সী আমানপুর এক বিবৃতিতে বলেন, ‘মাসের পর মাস ভেবেচিন্তে এবং বেশ কয়েকটি নির্ঘুম রাত কাটিয়ে আমি সিএনএন থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দুর্দান্ত এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার ৪৩ বছরের অংশীদারত্ব ছিল!’
বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় আমানপুর ২০০৯ সাল থেকে সিএনএন ইন্টারন্যাশনালে তাঁর নিজস্ব নামের একটি নাইটলি ইন্টারভিউ বা রাত্রিকালীন সাক্ষাৎকার অনুষ্ঠান পরিচালনা করে আসছিলেন। তবে ২০২৫ সালের জানুয়ারি থেকে এই অনুষ্ঠানের প্রচারের সময় কমিয়ে সপ্তাহে কয়েক দিনে নামিয়ে আনা হয়। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে এটি সপ্তাহে মাত্র একদিন প্রচারিত হবে এবং মে মাসে এর সম্প্রচার কার্যক্রম পুরোপুরি শেষ হবে। তবে আগামী জুন মাস পর্যন্ত তিনি সিএনএনের প্রতিনিধি হিসেবে বিশ্বজুড়ে ভ্রমণ এবং সংবাদ সংগ্রহের কাজ অব্যাহত রাখবেন।
অন্যদিকে, মার্কিন সম্প্রচারমাধ্যম পিবিএস-এ প্রচারিত তাঁর জনপ্রিয় অনুষ্ঠান ‘আমানপুর অ্যান্ড কোম্পানি’ চলতি বছরের ডিসেম্বরেই শেষ হতে যাচ্ছে। তবে আমানপুর তাঁর বিবৃতিতে জানিয়েছেন, সাবেক স্বামী জেমি রুবিনের সঙ্গে গ্লোবালের প্রযোজনায় তাঁর পডকাস্ট ‘দ্য এক্স ফাইলস’ তিনি সামনেই চালিয়ে যাবেন।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমানপুর বলেন, তিনি ‘ভবিষ্যতে নতুন ও আকর্ষণীয় সব কাজের অপেক্ষায় আছেন। তিনি সব সময় সিএনএনের পাশে থাকবেন, যাতে এর স্বাধীন সাংবাদিকতার ইতিহাস অক্ষুণ্ন থাকে। আমানপুর বলেন, ‘মনে রাখবেন: সব সময় নিরপেক্ষ না থেকে সত্যবাদী হোন।’
সোমবার সকালে প্রতিষ্ঠানের সহকর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় সিএনএনের চেয়ারম্যান মার্ক থম্পসন লিখেছেন, ‘ক্রিশ্চিয়ান এই সিদ্ধান্তটি খুব ভেবেচিন্তে নিয়েছেন এবং তিনি ও আমি গত কয়েক মাস ধরে এটি নিয়ে আলোচনা করছিলাম। সিএনএনের অনেক সহকর্মীর মতোই আমিও তাঁর চলে যাওয়ার ঘটনায় অত্যন্ত দুঃখিত। তবে আমি এটি মেনে নিয়েছি যে ব্যক্তিগত ও পেশাগত উভয় দিক থেকেই তাঁর জন্য এটিই সঠিক সময়।’
আমানপুরকে ‘বিশ্বের অন্যতম বিশ্বস্ত ও প্রিয় সাংবাদিক’ হিসেবে অভিহিত করেছেন মার্ক থম্পসন। তিনি আরও জানান, আগামী বছর আমানপুরের বিদায়ের আগে তাঁর বর্ণিল ও সমৃদ্ধ ক্যারিয়ার উদ্যাপনের জন্য সংবাদমাধ্যমটি বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে।
নিজের দীর্ঘ যাত্রার স্মৃতিচারণ করে আমানপুর তাঁর বিবৃতিতে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে তাঁর অনুষ্ঠানের কলাকুশলী এবং মাঠপর্যায়ের কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমার প্রথম রোমাঞ্চকর অ্যাসাইনমেন্ট প্রথম উপসাগরীয় যুদ্ধ কভার করা থেকে শুরু করে বসনিয়ার যুদ্ধের ভয়াবহতা, রুয়ান্ডা, আফগানিস্তান, ইউক্রেন এবং ইরান—সব জায়গার কথাই আমার মনে পড়বে। সত্য, প্রমাণ ও মানবতার সন্ধানে আমরা একসঙ্গে লড়াই করেছি; আর সে কারণেই এই টিমগুলো এবং আমাদের পারস্পরিক সখ্যই সবচেয়ে বেশি মূল্যবান ছিল। এর মাধ্যমে সিএনএন বিশ্বজুড়ে নির্ভয়ে ও নিরপেক্ষভাবে সত্য প্রচার করতে পেরেছে।’