সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) শ্রী শ্র পূর্ব বাড্ডা নিমতলা কালী মন্দির পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, আজ মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলো। কিন্তু আইন শৃঙ্খলার জন্য যিনি প্রধানত দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী তাকে কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে আনা হচ্ছে না। দেশবাসী তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন। কারণ তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ, তিনি সেটা করছেন না। তিনি সংবিধান নিয়ে ব্যস্ত আছেন।
নাহিদ ইসলাম বলেন, ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন, আইন প্রয়োগকারীকে সংস্থাকে সে ব্যবস্থা নিতে হবে। এর আগে মিষ্টি পদত্যাগ করেছেন। তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি। এক ব্যক্তির ইচ্ছা, অনিচ্ছা, অনুরোধ বা নির্দেশনামতো দেশ চলছে। এটা কোনো গণতন্ত্রের উদাহরণ নয়, আইনের শাসনের উদাহরণ নয়।
সংবিধান সংশোধন কমিটি নিয়ে নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংশোধন কমিটির নামে সরকার এখনও নাটক করছে। এ কমিটিকে এ দেশের মানুষ প্রত্যাখান করেছে। দলীয় সুশীল বুদ্ধিজীবীদের নিয়ে কমিটি বৈঠক করছে। তাদের দিয়ে বিএনপি নিজেদের মেনে নেওয়া সংস্কার-এর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। এসব জনগণের সঙ্গে প্রহসন।
পরিদর্শনের সময় এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।