‘আল্লাহ, আমাকে খাবার দাও, আমার স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’ স্ত্রীর জন্য দুমুঠো খাবারের আকুতি জানানো ৮০ বছর বয়সী সাজু শেখের স্ত্রী নূরজাহান বেগম (৭৫) মারা গেছেন।
শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া গ্রামে নিজ বাড়িতে রোববার শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বিকেল ৫টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মিয়া নূরজাহান বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বিছানায় ছিলেন নূরজাহান বেগম। রোববার তিনি মারা যান।
জানা গেছে, প্রায় ছয় বছর আগে পড়ে গিয়ে নূরজাহান বেগমের কোমরের হাড় ভেঙে যায়। এরপর থেকেই চলাফেরার সক্ষমতা হারিয়ে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। কিন্তু অভাবের সংসারে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে নেওয়ার সামর্থ্য ছিল না পরিবারের। অসুস্থ স্ত্রীর সেবা-যত্ন করতে গিয়ে নিজেও চরম সংকটে পড়েন বৃদ্ধ সাজু শেখ। খাবার, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাড় করতেই হিমশিম খেতে হতো তাদের।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের জন্য আকুতি জানাতে দেখা যায় সাজু শেখকে। তার অসহায়ত্বের সেই দৃশ্য ছুঁয়ে যায় দেশজুড়ে অসংখ্য মানুষের হৃদয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে তাদের খোঁজ নেওয়া হয়। পৌঁছে দেওয়া হয় মানবিক সহায়তাও।
প্রায় ৬৫ বছরের সংসারে সাজু শেখ ও নূরজাহান বেগম দম্পতির তিন মেয়ে ও তিন ছেলে রয়েছে। তিন মেয়েরই বিয়ে হয়েছে। মেয়েদের কেউ কেউ মাঝেমধ্যে বাবার খোঁজ নিলেও তিন ছেলের মধ্যে একজন করোনাকালে নিরুদ্দেশ হয়ে যান। তবে তিনি মাঝেমধ্যে খোঁজখবর রাখেন। আরেক ছেলে ঢাকায় রিকশা চালান এবং বছরে দু-একবার বাড়িতে আসেন।