কক্সবাজারের পর্যটন এলাকায় অনুমোদনহীন রিসোর্ট ও কটেজ নির্মাণের হিড়িক পড়েছে। গতকাল দিনভর কক্সবাজারের মেরিন ড্রাইভের প্রায় ৩০ কিলোমিটার এলাকা পরিদর্শনে দেখা গেছে, সেখানে কোনো বৈধ অনুমোদন ছাড়াই গড়ে উঠছে নতুন নতুন রিসোর্ট ও কটেজ এবং অতিথি কক্ষ তৈরির কাজ পুরোদমে চলছে। কেবল মেরিন ড্রাইভই নয়, শহরের ভেতরেও এই অনিয়মের চিত্র স্পষ্ট। শহরের ভেতরে আটতলা বিশিষ্ট হোটেল পরিচালিত হচ্ছে, যাদের কোনো অগ্নিনিরাপত্তা সনদ কিংবা পরিবেশগত ছাড়পত্র নেই।
বিভিন্ন তদারকি সংস্থা এই ধরনের গুরুতর অনিয়মগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ প্রদান করে আসছে। তবে আশ্চর্যের বিষয় হলো, বারবার সতর্কবার্তা এবং নোটিশ দেওয়া সত্ত্বেও এসব অবৈধ নির্মাণকাজ কিংবা ব্যবসা বন্ধ হচ্ছে না। সরকারি বিভিন্ন সংস্থা এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যানুযায়ী, কক্সবাজার জেলায় বর্তমানে সাত শতাধিক আবাসিক হোটেল, রিসোর্ট ও কটেজে অগ্নিনিরপত্তার চরম ঘাটতিসহ নানা ধরনের আইনবহির্ভূত অনিয়ম বিদ্যমান রয়েছে।