চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গরুভর্তি পাওয়ার ট্রলি খাদে পড়ে হেলাল উদ্দীন (৩৮) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে চালকসহ দুইজন আহত হয়েছেন। এসময় পাওয়ার ট্রলিতে থাকা ২টি গরু মারা গেছে।
সোমবার (১৯ অক্টোবর) ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর মুন্নামোড়ে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দীন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সবুজনগর গ্রামের নয়াল মিয়ার ছেলে। আহতরা হলেন- পাওয়ার ট্রলির চালক তারা চাঁদ ও গরু ব্যবসায়ী শিপন আলী। তাদের বাড়ি একই এলাকায়।
স্থানীয়রা জানান, গতকাল রোববার বিকেলে পিরোজপুর মঠবাড়িয়া থেকে ১১টি গরু নিয়ে পাওয়ার ট্রলিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন গরু ব্যবসায়ী হেলাল ও শিপন। আজ ভোরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নুরনগর মুন্নামোড়ে পৌঁছালে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন হেলাল। আহত হন পাওয়ার ট্রলির চালক তারা চাঁদ ও গরু ব্যবসায়ী শিপন আলী। দুর্ঘটনার শব্দ পেয়ে আশাপাশের লোকজন দ্রুত এসে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
গাড়িচালক তারা চাঁদ বলেন, ১১টি গরু নিয়ে আমরা ৩ জন গতকাল বিকেলে মঠবাড়িয়া থেকে রওনা করি। আজ ভোর রাতের হঠাৎ আমার চোখে ঘুমে বন্ধ হয়ে এলে পাওয়ার ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ডোবার মধ্যে পড়ে যায়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।