শিক্ষার্থীদের মধ্যে ব্যবসায়িক জ্ঞান বৃদ্ধি, উদ্যোক্তা মানসিকতা তৈরি, নেতৃত্বের দক্ষতা অর্জন এবং পেশাগত উৎকর্ষ সাধনে উৎসাহিত করতে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে (ডিআরএমসি) তৃতীয় ডিআরএমসি আন্তর্জাতিক বিজনেস সামিট আয়োজন করা হয়েছে।

গত রোববার (১৮ অক্টোবর) ডিআরএমসি বিজনেস অ্যান্ড ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত এই বিশেষ সামিটে দেশ এবং বিদেশের বিভিন্ন নামী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এবারের সামিটের আয়োজন ছিল অত্যন্ত বিস্তৃত, যেখানে ২১টিরও বেশি সেগমেন্ট বা বিভাগ রাখা হয়েছিল। এই মেগা ইভেন্টে বাংলাদেশের ১০০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি ১০টি বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। মোট ১৯টি দেশের অংশগ্রহণের ফলে এই আয়োজনটি আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ গুরুত্ব ও মর্যাদা লাভ করে। পুরো অনুষ্ঠানটি এমনভাবে সাজানো হয়েছিল যাতে শিক্ষার্থীদের সৃজনশীলতা, ব্যবসায়িক চিন্তাভাবনা, উদ্ভাবনী ধারণা এবং নেতৃত্বের সক্ষমতা বিকাশের সর্বোচ্চ সুযোগ তৈরি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ জনাব মিয়া নুরউদ্দিন অপু। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ফকির ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক, বিকেএমইএর সহসভাপতি এবং ওল্ড রেমিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক ফকির কামরুজ্জামান নাহিদ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, স্পনসর, পার্টনার এবং দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মিয়া নুর উদ্দিন অপু তাঁর বক্তব্যে বলেন, “আমি এই সামিটে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত। আমার এই কলেজে পড়ার ইচ্ছা ছিল কারণ, এই কলেজ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তৈরি হয়। এই সামিটে দেশ-বিদেশের অংশ নেওয়া শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানাই। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশ থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে এমন সামিট আয়োজনের মধ্য দিয়ে ডিআরএমসি বিজনেস এবং ক্যারিয়ার ক্লাব প্রমাণ করেছে তাদের দ্বারা আগামী দিনে ব্যাবসা খাতে নেতৃত্ব দেওয়া সম্ভব।”

উল্লেখ্য যে, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই ডিআরএমসি বিজনেস অ্যান্ড ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের ব্যবসায়িক জ্ঞান, উদ্যোক্তা মনোভাব, নেতৃত্ব এবং কর্মজীবন সংক্রান্ত দক্ষতা বৃদ্ধিতে নিরলস কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় আন্তর্জাতিক বিজনেস সামিটটি শিক্ষার্থীদের জন্য নিজেদের মেধা ও দক্ষতা প্রদর্শনের, নতুন ধারণার আদান-প্রদান এবং দেশ-বিদেশের সমমনা শিক্ষার্থীদের সঙ্গে নেটওয়ার্কিং বা যোগাযোগ তৈরির একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

সামিটের আয়োজন প্রসঙ্গে ডিআরএমসি বিজনেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মনাকিব হাসান নিবির বলেন, “শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, ব্যবসায়িক জ্ঞান বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

ডিআরএমসি বিজনেস ক্লাবের মডারেটর মো. জাফর ইকবালের সঠিক দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় ক্লাবটি শিক্ষার্থীদের জন্য নিয়মিত বিভিন্ন গঠনমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তৃতীয় ডিআরএমসি আন্তর্জাতিক বিজনেস সামিট আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এটি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের সংযোগ স্থাপনের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।