সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহাষ্টমীর দিন আগামীকাল সোমবার সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল সারা দেশে সব জুয়েলারি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ থাকবে।
আজ রোববার জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। উক্ত সিদ্ধান্ত অনুসারে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ী ও জুয়েলার্স কারিগরদের অনুরোধ জানিয়েছে সমিতি।
অন্যদিকে, ১৩ অক্টোবর দেশের বাজারে সোনার দাম হ্রাস পেয়েছিল। ওই দফায় ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা দাম কমেছে। দাম কমার পর ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গয়নার দাম কমে হয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম কমে দাঁড়ায় ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকায়।
একই দিনে রুপার দামও কমানো হয়েছিল। যার ফলে প্রতি ভরি রুপার দাম সর্বোচ্চ ১১৬ টাকা কমেছে। দাম কমানোর পর ভ্যাটসহ ২২ ক্যারেট মানের এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ১৯৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম হয়েছে ৩ হাজার ৯৬৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম হয়েছে ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম হয়েছে ২ হাজার ৬২৪ টাকা।
বাজুস সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় এক দশক আগে স্বর্ণ তৈরির সঙ্গে যুক্ত কারিগর ও ব্যবসার সঙ্গে যুক্ত কর্মীরা দুর্গাপূজায় সর্বজনীনভাবে এক দিন ছুটি ঘোষণার আবেদন জানান। ওই আবেদনের প্রেক্ষিতে বাজুস বিশেষ সাধারণ সভা করে মহাষ্টমীতে এক দিন সর্বজনীন ছুটির ঘোষণা দেয়। এরপর থেকে প্রতিবছর অষ্টমীর দিন দেশজুড়ে সোনার দোকান বন্ধ রাখা হয়।
বাজুসের এক নেতা মুক্তকণ্ঠকে বলেন, “অষ্টমীতে স্বর্ণের কারিগরদের সম্পৃক্ততা বেশি থাকে। এ কারণে তারা ওই দিন ছুটি ঘোষণার আবেদন করেছিল। পরে তা বাজুসের সভায় সিদ্ধান্ত হয়। এর পর থেকে এই প্রথা চলে আসছে।”