রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে এক ছিনতাইকারীর হ্যাঁচকা টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে গিয়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের মৃত্যু হয়। এই মর্মা দায়ের করা মামলায় মো. রাকিব হোসেন (২৪) নামের এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার দুপুরে শুনানির পর ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এই আদেশ প্রদান করেন। আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী মেহেদী হাসান বলেন, “মামলায় পুলিশের প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত আসামি রাকিবের জামিন মঞ্জুর করেছেন আদালত।” আদালত আসামির জামিনের শর্ত হিসেবে পাঁচ হাজার টাকা মুচলেকা ধার্য করেছেন। আইনজীবীর দাবি, এই আসামির বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তিনি দ্রুতই কারামুক্ত হবেন বলে আশা করা হচ্ছে।
ঘটনাটি ঘটে গত ২৯ আগস্ট ভোরে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রাস্তায় পড়ে নিহত হন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিলা (৫৬)। তিনি চিকিৎসার উদ্দেশ্যে স্বামীর সঙ্গে ঢাকায় এসেছিলেন। ভোরে কল্যাণপুর বাস টার্মিনালে নেমে ব্যাটারিচালিত রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীরা রনজিলার হাতের ব্যাগ টান দেয়। এতে তিনি রিকশা থেকে ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনার পর রনজিলার স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।