দেশে হামের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাতটি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২ জন রোগী।
রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রকাশিত হামবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত করা হয়েছে ১ হাজার ২৫৪ জনের। এই সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬৫ জন। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯০৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২ লাখ ১৩ হাজার ২৪৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ২৩ হাজার ১২২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের উপসর্গে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন তিন শিশু, যাদের বাড়ি ঢাকা বিভাগে। এছাড়া সিলেট বিভাগে দুজনের মৃত্যু হয়েছে এবং ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
বিভাগীয় হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন ঢাকা বিভাগের ৪৯১ জন। এর পাশাপাশি চট্টগ্রাম বিভাগে ১০০, রাজশাহীতে ৯৩, সিলেটে ১৯২, বরিশালে ৬৫, ময়মনসিংহে ৮৪, খুলনায় ৫০ এবং রংপুর বিভাগে ১৭ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, ২০২৬ সালের হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের তথ্যমতে, সারা দেশে এই কর্মসূচির আওতায় মোট ২ কোটি ১০ লাখ ৪১ হাজার ১৩১ ডোজ টিকা প্রদান করা হয়েছে। এর ফলে টিকাদানের হার দাঁড়িয়েছে ১১৬ দশমিক ৮ শতাংশে।