চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আগত এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সোনার মোট ওজন ৫৬৬ গ্রাম। অভিনব কায়দায় ননস্টিক প্যান, সবজি ব্লেন্ডার এবং বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে লুকিয়ে এই সোনাগুলো নিয়ে আসা হয়েছিল বলে জানা গেছে।
আজ রোববার ভোর সাড়ে ছয়টার দিকে তল্লাশির সময় এই সোনা উদ্ধার করা হয়। এই ঘটনায় মোহাম্মদ কামরুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে নগরের পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রী হিসেবে ভ্রমণ করছিলেন মোহাম্মদ কামরুল ইসলাম। কাস্টমস হলে তল্লাশির সময় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হয় কর্মকর্তাদের। এরপর বিমানবন্দরে দায়িত্বরত ডিজিএফআই, এনএসআই এবং কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ তত্ত্বাবধানে ওই যাত্রীর ব্যাগেজের ভেতরে থাকা ননস্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডিংয়ের যন্ত্র এবং বাসন রাখার স্ট্যান্ডে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে দেখা যায়, এসব সরঞ্জামের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৬৬ গ্রাম ওজনের চারটি সোনার দণ্ড এবং যাত্রীর কাছে ১০০ গ্রাম ওজনের সোনার চুড়ি রয়েছে। উদ্ধার হওয়া মোট ৫৬৬ গ্রাম সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
বিমানবন্দরের জনসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ধার করা সোনাগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। চোরাচালান আইনে ওই যাত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাঁকে পতেঙ্গা থানায় হস্তান্তর করার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।