আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার হবে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদা রক্ষা। পারস্পরিক শ্রদ্ধা ও সমতার নীতি অনুসরণ করে বিশ্বের সকল দেশের সাথে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ।

আজ রোববার সকালে সাভার সেনানিবাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কয়েকটি ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।

সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, পেশাদার, দক্ষ, শৃঙ্খলাবদ্ধ এবং প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার যে প্রক্রিয়া শুরু হয়েছে, সরকার তা অব্যাহত রেখেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, “একটি আধুনিক সশস্ত্র বাহিনীর শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম বা জনবলের মধ্যে সীমাবদ্ধ নয়; এর প্রকৃত শক্তি নিহিত থাকে শৃঙ্খলা, দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা, প্রশিক্ষণ ও জনগণের আস্থার মধ্যে। সর্বোপরি চেইন অব কমান্ডের ওপর।”