বাগেরহাটের শরণখোলা এলাকায় একটি ভাড়া বাসা থেকে শান্তা আক্তার জুঁই (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে রায়েন্দা ইউনিয়নের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহটি পাওয়া যায়। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত জুঁই আক্তার শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের বাসিন্দা এবং কুয়েত প্রবাসী আনোয়ার হাওলাদারের স্ত্রী। তার স্বামী বর্তমানে কুয়েতে অবস্থান করছেন। এছাড়া নিহত জুঁইয়ের ১১ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী প্রবাসে থাকাকালীন অন্য এক ব্যক্তির সঙ্গে জুঁই আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জানা গেছে, ওই ব্যক্তির সঙ্গেই তিনি ভাড়া বাসায় বসবাস করছিলেন। তবে ঘটনার পর থেকে ওই ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তার সঠিক পরিচয় এবং এই ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়টি এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভাড়াটিয়া বাসার মালিক মো. ফরিদ হোসেন জানান, গত ৫ অক্টোবর জুঁই আক্তার স্বামী-স্ত্রী পরিচয়ে তার বাসাটি ভাড়া নিয়েছিলেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে ঘটনার পেছনের পরিস্থিতি এবং অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”