জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি বলেছেন, তারেক রহমান গ্রামে গঞ্জে ঘোরেন, স্বাভাবিক জীবনযাপন করেন। একটা মানুষের কী কষ্ট সেটা বোঝার চেষ্টা করেন। তাকে তারেক জিয়া না বলে আপনারা যদি বলেন, আরেক জিয়া সেটা ঠিক। তিনি তারেক জিয়া না, তিনি আরেক জিয়া।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বরগুনার সাংবাদিকদের সঙ্গে বরগুনার উন্নয়ন ভাবনার মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ তারেক রহমানের বিষয়ে বলেন, আপাদমস্তক তিনি (তারেক রহমান) একজন কর্মঠ মানুষ, একজন মানব দরদি মানুষ। সকালবেলা একদিন আমি তার সঙ্গে দেখা করতে তার আগে অফিসে যেতে চেয়ে গিয়ে দেখি তিনি গাড়িতে উঠে বসে আছেন। আমি তার আগে যেতে পারিনি। এই যে তারেক রহমান সাহেব রাত জেগে সজাগ থেকে কাজ করেন, কার জন্য। সরকারের প্রথম সিদ্ধান্ত কৃষকের ১০ হাজার টাকার সুদসহ ঋণ মওকুফ, এটা কি উপকার হয়নি? আপনারা এটাকেই বড় করে দেখেন যে, আমরা এমন একজন নেতা পেয়েছি যিনি কৃষকের কথা ভাবেন।
চিফ হুইপ আরও বলেন, আমরা দেশটাকে বাঁচাতে চাই। তারেক রহমান সাহেব দেশটাকে বাঁচাতে চান। এই জন্য ফ্যামিলি কার্ড। এই জন্য মা-বোনদের ক্ষমতায়িত করতে চান, শক্তিশালী করতে চান। সমাজে যে তারা মানুষ, সেই হিসেবে গণ্য করতে তিনি ব্যবস্থা করছেন। তার মা খালেদা জিয়া এ দেশের সব মেয়েদের লেখাপড়া ফ্রি করে দিয়েছেন। তিনি আগাগোড়াই এ দায়িত্ব পালন করেছেন। এখন সিদ্ধান্ত হয়েছে এমএ পর্যন্ত যদি কোনো মেয়ে লেখাপড়া করতে চায়, সব খরচ সরকার দেবে। মায়েদের শিক্ষিত বানাবে, যাতে ভবিষ্যতে সন্তানরা শিক্ষিত হয়।
জিয়াউর রহমানের বিষয়ে চিফ হুইপ বলেন, ১০ লাখ মানুষ না খেয়ে মারা গেছে। সেই ৭৪ এর দুর্ভিক্ষের পর যখন জিয়াউর রহমানের হাতে দেশ এসেছে তখন তিন বছরের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। নিজের হাতে খাল কেটেছেন, মাঠে ময়দানে কাজ করেছেন। গারমেন্টস এসেছে তার হাত ধরে। হাস পালন, মুরগি পালন এগুলো তার হাত ধরে এসেছে।