মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্য উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। এই চুক্তির আওতায় সংগঠনটির সাধারণ সদস্য, কর্মকর্তা এবং কর্মচারীরা উক্ত হাসপাতালে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিশেষ ছাড়ের সুবিধা পাবেন।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত অরোরা স্পেশালাইজড হাসপাতালের বোর্ডরুমে এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এমআরএ) পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ, অর্থ সম্পাদক অন্তু মুজাহিদ এবং ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক নাজমুল হক।

অন্যদিকে, অরোরা স্পেশালাইজড হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার মো. গোলাম রাকিব, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. জাহিদুল ইসলাম, অপারেশন ম্যানেজার মো. মাইন উদ্দিন আকাশ, মার্কেটিং ইনচার্জ মো. মিরাজুল ইসলাম মিরাজ এবং কর্পোরেট মার্কেটিং এক্সিকিউটিভ মো. আব্দুল্লাহ আল মামুন ও মেহেদি হাসান হিমেল।

অনুষ্ঠানে হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. গোলাম রাকিব বলেন, “অরোরা স্পেশালাইজড হাসপাতাল অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা দিয়ে আসছে। ১৫০ শয্যার ১৯তলা ভবনের এ হাসপাতালে উন্নত পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি এমআরআই, সিটি স্ক্যান, আইসিইউ, সিসিইউ, নবজাতক ও শিশুদের নিবিড় পরিচর্যা এবং ডায়ালাইসিসের ব্যবস্থা রয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, “সাধারণ মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা সহজলভ্য করাই আমাদের লক্ষ্য।”

এমআরএর সভাপতি ফখরুল ইসলাম সাংবাদিকদের স্বাস্থ্যঝুঁকির কথা উল্লেখ করে বলেন, “পেশাগত দায়িত্ব পালনের কারণে অনেক সাংবাদিক নিজেদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার সুযোগ পান না। সংবাদ সংগ্রহ করতে গিয়ে ব্যস্ততার মধ্যে অনেক সময় শারীরিক সমস্যাও উপেক্ষা করেন তারা।”

তিনি আরও বলেন, “মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং চিকিৎসা গ্রহণে সুবিধা দেওয়ার লক্ষ্যেই অরোরা হাসপাতালের সঙ্গে এ চুক্তি করেছে এমআরএ।”

উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকেই আশা প্রকাশ করা হয়েছে যে, এই চুক্তির ফলে এমআরএর সদস্য ও সংশ্লিষ্টরা সাশ্রয়ী মূল্যে মানসম্মত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া ভবিষ্যতে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে।