বগুড়া শহরের চেলোপাড়া এলাকার ‘দুর্জয় ক্লাব’-এ এবার নির্মাণ করা হয়েছে ১৯ ফুট উচ্চতার এক বিশাল দুর্গা প্রতিমা। আয়োজকদের দাবি অনুযায়ী, চলতি বছর বগুড়া জেলার মধ্যে এটিই সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। এই ব্যতিক্রমী ও বিশালাকার প্রতিমাটি দেখার জন্য পূজামণ্ডপে শিশু-কিশোরসহ সব বয়সের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

উল্লেখ্য যে, গত বছর এই ক্লাবে ১৬ ফুট উচ্চতার দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছিল। এবার সেই উচ্চতা আরও ৩ ফুট বাড়িয়ে ১৯ ফুট করা হয়েছে। প্রতিমাটিকে আরও নান্দনিক ও আকর্ষণীয় করে তুলতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন কারিগর ও সংশ্লিষ্ট কর্মীরা।

দুর্জয় ক্লাবের সভাপতি পরিমল প্রসাদ রাজ জানান, “বগুড়া জেলার মধ্যে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা নির্মাণ করেছেন তারা। গতবারের চেয়ে এবার উচ্চতা ৩ ফুট বাড়িয়ে ১৯ ফুট করা হয়েছে।” তিনি আরও জানান, এই বিশাল প্রতিমাটি দেখার জন্য বগুড়ার বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও প্রতিনিয়ত দর্শনার্থীরা মণ্ডপে ভিড় করছেন।

অন্যদিকে, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, বগুড়া জেলা শাখার সভাপতি পরিমল চন্দ্র দাস জানান, “জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন যে, সিসিটিভির পাশাপাশি সংগঠনের নিজস্ব স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তাকর্মীরাও সতর্কতার সাথে দায়িত্ব পালন করছেন।

পূজার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) আতোয়ার রহমান বলেন, “জেলার প্রতিটি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি আনসার সদস্য, স্বেচ্ছাসেবক ও সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ দায়িত্ব পালন করছেন।” তিনি আরও জানান, পূজা চলাকালীন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।