আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের হাই-ভোল্টেজ লড়াইয়ের মাধ্যমেই শুরু হতে যাচ্ছে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। তবে টুর্নামেন্ট শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছিল ভারত এই আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে বলে। তবে ভারতের এই সম্ভাব্য অনুপস্থিতির গুঞ্জন সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাফ নিশ্চিত করেছে যে, ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেনি। এমনকি দল প্রত্যাহারের বিষয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) পক্ষ থেকে তাদের সাথে কোনো ধরনের যোগাযোগও করা হয়নি বলে জানানো হয়েছে।
সাফ তাদের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে, ‘টুর্নামেন্ট থেকে ভারতের সরে দাঁড়ানোর কোনো খবর আমাদের কাছে নেই। ফলে প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণ বহাল রয়েছে।’
ফলে নির্ধারিত সূচি অনুযায়ীই আগামী ৫ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সাফ অভিযান। একই দিনে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের।
আগামী ৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। ছয় দলের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়ামে। টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস অনুযায়ী, ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সাথে রয়েছে মালদ্বীপ।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালের টিকিট সংগ্রহ করবে। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল ম্যাচ। এরপর তিন দিন পর, ১৭ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের এই লড়াই।