সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের নৃশংস হামলায় এক যুবক প্রাণ হারিয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর পৌরসভার লুদরপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম নাজিম উদ্দিন (৪৫), তিনি লুদরপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। তবে বিয়ের দাওয়াত প্রদান নিয়ে তার চাচাতো ভাই মাসুম মিয়ার পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ মনোমালিন্য চলে। শনিবার সকালে ওই বিয়ের দাওয়াত দিতে নাজিম উদ্দিন যখন তার চাচাতো ভাই মাসুম মিয়ার বাড়িতে যান, তখন উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। বিবাদের এক পর্যায়ে মাসুম ও তার ভাইয়েরা একত্রিত হয়ে নাজিম উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। দ্রুত তাকে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাজিম উদ্দিনের বোন সাজিয়া বেগম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেন, “মাসুমের নেতৃত্বে ৭-৮ জন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে আমার ভাই ওপর হামলা করে তাকে হত্যা করেছে। আমি তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।”

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, নাজিম উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, নিহতের শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার বিষয়ে জগন্নাথপুর থানার এস.আই ওমর ফারুক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ নিহত নাজিম উদ্দিনের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এই হত্যাকাণ্ডের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।