শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটির সময়েও দেশের সকল কাস্টম হাউস এবং শুল্ক স্টেশন প্রতিদিন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলমান এই সরকারি ছুটির দিনগুলোতে আমদানি ও রপ্তানি কার্যক্রম সীমিত পরিসরে সচল রাখার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই পদক্ষেপ গ্রহণ করেছে।
গত বৃহস্পতিবার এনবিআর এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক আদেশ জারি করেছে। ইতিমধ্যে দেশের অভ্যন্তরে কর্মরত সকল কাস্টমস কমিশনারকে এই নির্দেশনার কথা জানিয়ে দেওয়া হয়েছে।
আমদানি-রপ্তানি কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সেজন্য এই বিশেষ নির্দেশের কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে অবহিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বিভিন্ন ফরেন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন এবং শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনসহ সব পক্ষ।
উল্লেখ্য যে, এর আগে দুই ঈদের ছুটির সময়েও প্রতিদিন সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা রাখা হয়েছিল। তবে সেই সময়ে আমদানি–রপ্তানির পরিমাণ ছিল অত্যন্ত সীমিত।