কক্সবাজারের ইনানী এলাকায় একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই অগ্নিকাণ্ডে পুরো রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে, পর্যটকসহ আরও বেশ কয়েকজন হতাহত হয়ে থাকতে পারেন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত 'টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে' এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য জানান, ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী মৃত ব্যক্তিরা সবাই পর্যটক ছিলেন। তবে উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকায় মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পাওয়ার পর সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে পৌঁছে উদ্ধার ও নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, “ঘটনার পর এখন উদ্ধার কার্য়ক্রম চলছে। কী কারণে ঘটনাটি ঘটছে বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।”