‘গণিতের প্রতি আগ্রহ বাড়াতে এবং নিজের মেধা যাচাই করতেই অলিম্পিয়াডে অংশ নিয়েছি। এ ধরনের আয়োজন আমাদের গাণিতিক ও যৌক্তিক চিন্তাভাবনা বিকাশে সহায়তা করবে’—এমন প্রত্যাশা নিয়ে নোয়াখালীতে গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছে সাড়ে চার হাজার শিক্ষার্থী।

‘ভাবনার জগত রঙিন করি, গণিতের সুতোয় স্বপ্ন বুনি’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী জেলা উত্তর শাখার আয়োজনে শুক্রবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে ‘গণিত অলিম্পিয়াড ২০২৬’। জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ১০টায় বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়, সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই অলিম্পিয়াডের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বেলা ১১টার দিকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বোরহান উদ্দিন, ছাত্রশিবিরের জেলা উত্তর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবু জাহেদ, ছাত্রশিবিরের সাবেক জেলা উত্তর সভাপতি মশিউর রহমান ফাহাদ ও সাবেক জেলা সভাপতি সাফায়েত হোসেনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ছাত্রশিবিরের জেলা উত্তর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের গণিতভীতি দূর করে তাদের মধ্যে গাণিতিক ও যৌক্তিক চিন্তাভাবনার বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে।