দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের গ্রন্থাগারে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে লেখা তিনটি বিশেষ বই সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
গত ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলামের স্বাক্ষরিত ওই চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, জাতীয়তাবাদী প্রকাশনা থেকে প্রকাশিত তিনটি বই— ‘প্রেসিডেন্ট জিয়া রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’—এর এক সেট করে সংগ্রহ করে লাইব্রেরিতে সংরক্ষণ করতে হবে। এই নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের এই নির্দেশনাটি কার্যকর করার লক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
পাশাপাশি, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট), স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং ন্যাশনাল ইলেকট্রো-মেডিক্যাল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারকেও (নিমিউ অ্যান্ড টিসি) এই চিঠির অনুলিপি প্রদান করা হয়েছে।