লক্ষ্য ছিল ১৫৯ রান। শুরুতেই দুই ওপেনার ফিরেছেন শূন্য রানে, ২১ রানের মধ্যে নেই তিন উইকেট। এমন বিপর্যয়ের পরও ফাইনালে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দল। অধিনায়ক সাদিয়া ইসলামের ঝোড়ো ফিফটি আর শেষ দিকে সাদিয়া আক্তারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে জয়ের আশাও জেগেছিল। তবে শেষ ওভারের রোমাঞ্চে মাত্র চার রানে হেরে শ্রীলঙ্কার কাছে ত্রিদেশীয় সিরিজের শিরোপা হাতছাড়া হয়েছে বাংলাদেশের।

শুক্রবার (১৬ অক্টোবর) পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৫৮ রান তোলে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রানে থামে বাংলাদেশ। শেষ চার ওভারে ৪৮ রানের প্রয়োজন ছিল জুনিয়র টাইগ্রেসদের। শেষ পর্যন্ত ৪৩ রান তুলেও জয় পাওয়া হয়নি।

রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে ফেরেন মাইমুনা নাহার। দ্বিতীয় ওভারের শেষ বলে একই পরিণতি হয় আরেক ওপেনার অচেনা জান্নাতের। সাত বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। এরপর শিরিনা খাতুন ৬ রান করে ফিরলে ২১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে দলকে টেনে তোলেন নিশিতা আক্তার নিশি ও অধিনায়ক সাদিয়া ইসলাম। চতুর্থ উইকেটে ৬৭ রানের জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান তারা। ৩৩ বলে ৩২ রান করে নিশি ফিরলেও অন্য প্রান্তে আক্রমণ চালিয়ে যান অধিনায়ক।

মাত্র ৩৬ বলে ৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সাদিয়া ইসলাম। তার ব্যাট থেকে আসে তিনটি চার ও পাঁচটি ছক্কা। তবে ১৬তম ওভারে তিনি আউট হলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। তখন দলের সংগ্রহ ৫ উইকেটে ১০৯ রান।

এরপর শেষ দিকে জয়ের আশা বাঁচিয়ে রাখেন সাদিয়া আক্তার। ২২ বলে ৩৫ রানের আক্রমণাত্মক ইনিংসে ম্যাচ জমিয়ে তোলেন তিনি। তাকে কিছুটা সঙ্গ দেন ফারজানা ইয়াসমিন মেধা। ১০ বলে ১১ রান করে ১৯তম ওভারে ফেরেন ফারজানা। ততক্ষণে শেষ ওভারের সমীকরণ দাঁড়িয়েছে ১৯ রানের।

শেষ ওভারেও লড়াই চালিয়ে যান বাংলাদেশের ব্যাটাররা। প্রথম দুই বলে দুই রান নেওয়ার পর তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে আশা জাগান সাদিয়া আক্তার। চতুর্থ বলে আসে আরও দুই রান। তবে পঞ্চম বলে সাদিয়া আউট হলে শেষ হয়ে যায় জয়ের সম্ভাবনা। শেষ বলে চার মেরেও ব্যবধান আর ঘোচাতে পারেনি বাংলাদেশ। শেষ ওভারে ১৪ রান তুলে চার রানের হার নিয়ে মাঠ ছাড়ে জুনিয়র টাইগ্রেসরা।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কাকে বড় সংগ্রহ এনে দেন ওপেনার সানজানা কাভিন্দি। ৪৪ বলে ৬৪ রানের ইনিংসে সাতটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। আরেক ওপেনার বিমোক্ষা বালাসুরিয়া করেন ১৫ বলে ২৩ রান। উমায়াঙ্গনা পেইরিস ২৩ বলে অপরাজিত ২৮ রান করে শেষ পর্যন্ত দলকে এগিয়ে নেন।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন মেধা, নিশিতা আক্তার নিশি, জান্নাতুল ফেরদৌস ও আফরিন মিম। শ্রীলঙ্কার দুই ব্যাটার রানআউট হন।

দুই দিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৫৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সেই দলই ফাইনালে ১৫৯ রানের লক্ষ্য তাড়ায় লড়েছে শেষ বল পর্যন্ত। তবে শেষ পর্যন্ত চার রানের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে জুনিয়র টাইগ্রেসদের। ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে শ্রীলঙ্কা, রানার্সআপ হয়েছে বাংলাদেশ।