আজই ছিল গায়ে হলুদ, আর রাত পোহালেই বিয়ের আনুষ্ঠানিকতা। বর বরণ করতে নববধূর বাড়িতে আলোকসজ্জায় সাজানো হয়েছিল গেট ও পুরো বাড়ি। বরের বাড়িতেও চলছিল উৎসবের ব্যাপক প্রস্তুতি। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দ পরিণত হলো গভীর বিষাদে। বিয়ের ঠিক আগের দিনই মৃত্যুবরণ করলেন বর আরিফ শাহরিয়ার সৌমিক (২১)। তার এই অকাল মৃত্যুতে দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় কনের বাড়িতে পৌঁছায় সৌমিকের মৃত্যুর খবর। এই দুঃসংবাদ শোনার সাথে সাথেই থেমে যায় বিয়ের সব আয়োজন। অন্যদিকে, গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়ায় সৌমিকের বাড়িতে শোকস্তব্ধ হয়ে পড়েন তার স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা।
পরিবার সূত্রে জানা গেছে, সৌমিক নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ট্রিপল-ই (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) বিষয়ে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করে উত্তীর্ণ হয়েছিলেন।
স্বজনরা জানান, প্রায় এক মাস আগে ঢাকা থেকে বাড়িতে আসেন সৌমিক। গত চারদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের বিপরীতে অবস্থিত বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। পরে ওষুধপত্র নিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে আনেন স্বজনেরা। কিন্তু বিকেলের দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে সৌমিকের মৃত্যু হয়েছে কিনা, তা জানাতে পারেননি তার পরিবার।