গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে ছুটিতে বাড়িতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান। গতকাল শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আসাদুজ্জামান ঢাকায় পুলিশ সদরদপ্তরে এসআই পদে কর্মরত ছিলেন। ছুটি নিয়ে শনিবার সকালে তিনি গ্রামের বাড়িতে পৌঁছান। সন্ধ্যায় বিদ্যুৎ চলে যাওয়ায় তিনি বাড়ির আইপিএস (তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহের যন্ত্র) মেরামতের কাজ শুরু করেন। এই সময় অজ্ঞাত কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"