জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রজেক্ট (ই-জেএসপি)’ বাস্তবায়নের লক্ষ্যে সংসদ সদস্যদের সমন্বয়ে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই ‘ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়ন কমিটি’-র সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নির্দেশনাক্রমে এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত এই কমিটির সদস্য তালিকায় রয়েছেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিনকাসেম (ব্যারিস্টার আরমান), চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান, রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিন্জ।

কমিটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ব্রডকাস্টিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির (বিএন্ডআইটি) মহাপরিচালককে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই কমিটির মূল দায়িত্ব হবে ইউএনডিপি কর্তৃক প্রণীত ‘e-Jatiya Sangsad Project (e-JSP)’ শীর্ষক প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা। পাশাপাশি ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এই কমিটি। এছাড়া বিশেষ প্রয়োজনে কমিটি চাইলে আরও নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতা রাখবে।